এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে\ শ্যামনগর উপজেলায় দিন দুপুরে ঘরের ভীতর ঢুকে গলায় চাকু ধরে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গতকাল ১৯ আগস্ট শনিবার বেলা ১১ টায় উপজেলার নকিপুর গ্রামে সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মরহুম আব্দুল আজিজের বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে থাকা মোঃ ফয়জুল্যাহ এর ঘরে। ফয়জুল্যাহ স্ত্রী সুমাইয়া খাতুন বলেন, আমি ঘরের ভীতরে একা বিশ্রাম করছিলাম এমন সময় হটাৎ করে বোরকা পরিহিত একজন ঘরের ভীতরে ঢুকেই চাকু বের করে আমার গলায় ধরে চিৎকার চেচামেচি করতে নিষেধ করে। তারপর আমার হাতে, পায়ে, মুখে কাপড় বেঁধে বলে তোর ঘরে টাকা-পয়সা, স্বর্ণ-অংলকার যা কিছু আছে বের কর, নইলে তোর গলা কেটে দেব। ফলে আমি ভয় পেয়ে তাকে চাবি দিলে টিনের বাক্সের মধ্যে রাখা নগদ ৪০ হাজার টাকা, সঞ্চয় ব্যাংক বইয়ের মধ্যে রাখা ৬ হাজার টাকা এবং ১লক্ষ ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণ ও রুপার অংলকার নিয়ে আমার মুখে চেতনা নাশক দ্রব্য প্রয়োগ করে ধাক্কা দিয়ে ঘরের মধ্যে ফেলে দিয়ে দ্রুত চলে যায়। বোরকা পরা থাকায় আমি তাকে চিনতে পারিনি। সুমাইয়া খাতুন এর স্বামী বলেন, এই ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ করেছি। আমার স্ত্রীকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে এসেছি। এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাতকে জানান, থানা পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেয়েছি দ্রুত ব্যবস্তা গ্রহণ করা হচ্ছে।