এফএনএস: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ। পতিত স্বৈরাচার শেখ হাসিনার মুখ্য সচিবের অর্থ পাচারের ফাইলসহ আরও গুরুত্বপূর্ণ নথি ছিল সেখানে। সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে নিহত রংপুরের মিঠাপুকুর উপজেলার আটপুনিয়া গ্রামের শাহানুজ্জামান নয়নের বাড়িতে তার স্বজনদের সঙ্গে দেখা করতে গতকাল শনিবার সকালে গিয়ে সেখানে থাকা জনতার উদ্দেশে তিনি এ কথা বলেন। রুহুল কবির রিজভীর বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও রন্ধ্রে রন্ধ্রে আছে তাদের দোসররা। বিশেষ করে আমলাতন্ত্র এখনও ফ্যাসিবাদের তোষামোদি করছে। তিনি বলেন, এক মাসের মধ্যে নিহত নয়নের বোনকে চাকরি দিতে হবে সরকারকে। যদি না দেওয়া হয় তাহলে বিএনপি সাধ্যমতো এই পরিবারের পাশে দাঁড়াবে। রিজভী বলেন, সচিবালয়ে দায়িত্ব পালনকালে হৃদয়বিদারক ঘটনায় ফায়ার ফাইটার নয়ন দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন— এটি কোন স্বাভাবিক মৃত্যু না তার মৃত্যু শহীদের মর্যাদা। তিনি বলেন, আমলা কিংবা পুলিশে— সর্বত্র ঘাপটি মেরে ফ্যাসিবাদের দোসররা গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছেন। কোথায় কোন নাশকতা আর কোথায় কোন চক্রান্ত করছেন তার কোনও ঠিক নেই। এইসব ঠেকাতে গিয়ে দেশের জন্য জীবন দিচ্ছেন এই নয়নের মতো শহীদরা। এর আগে তিনি নিহত নয়নের কবর জিয়ারত করেন। এরপর তার বাবা আখতারুজ্জামান মা নারগিস বেগমসহ স্বজনদের সঙ্গে কথা বলে তাদের সমবেদনা জানিয়ে বলেন, আমাদের দলের ভারাপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এখানে এসেছি। বিএনপি আপনাদের পাশে আছে এবং থাকবে। এ সময় তার বাবা—মা হাউমাউ করে কাঁদতে থাকেন। রিজভী তাদের সমবেদনা জানান।